পুলিশের শীর্ষ পদ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. গোলাম রসুল এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ নম্বর ধারা অনুযায়ী, দুই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে তারা অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত না থাকার শর্তে পূর্বের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন করবেন।
মো. গোলাম রসুল বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে কর্মরত। অন্যদিকে, শহিদুর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ দুই অভিজ্ঞ কর্মকর্তাকে ফের চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়ায় নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।