বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি।
প্রভার জীবনেও এসেছে উত্থান-পতন। করেছে নানা ভুল। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, কঠিন সময় পেরিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
প্রভা বলেন, আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন। এইচএসসি পরীক্ষার শেষ দিন গিয়েছিলাম মেরিল বিউটি সোপের অডিশনে। পাস করলাম, বিজ্ঞাপনচিত্র তৈরি হলো, রাতারাতি জনপ্রিয়ও হয়ে গেলাম। সারা দেশে আমার পরিচিতি এলো। বৃহস্পতিবারের সংবাদপত্রগুলোতে বড় বড় ছবি ছাপা হতে থাকল। অথচ আমি যে প্রভা সেই প্রভাই রয়ে গেলাম।
অবিনেত্রী আরও বলেন, শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি এমন অপবাদ নেই। কারো শিডিউল ফাঁসানোর রেকর্ডও নেই। অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেক ক্ষেত্রে ভুল করেছি। তবে থেমে যাইনি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কৃতজ্ঞ থাকব সারা জীবন।
অভিনয়ের পাশাপাশি এখন একটি ইলেকট্রিক কোম্পানিতে ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চাকরিজীবন প্রসঙ্গে প্রভা বলেন, দারুণ! অনেকের পাশাপাশি আমার মা-ও ভেবেছিলেন, আমি বোধ হয় চাকরি করতে পারব না। ৯টা-৫টা অফিস মেনটেইন করতে পারব না। অথচ এই জীবনটাই খুব উপভোগ করছি। একটি ইলেকট্রিক কম্পানির ব্র্যান্ড ডিরেক্টর পদে আছি। বুঝতে পারছেন দায়িত্বটা কত বড়! এর পরও অফিসের অ্যাডমিন দারুণ খুশি। কলিগরা তো রীতিমতো বলেন, আমি নাকি সুপারওম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও ব্যবহার করে অনেকে হীন উদ্দেশ্যে কাজ করেন—এ প্রসঙ্গেও কথা বলেছেন প্রভা। তিনি বলেন, আগে মন খারাপ হতো, কাঁদতামও। আমাদের দেশটা যদি ইউরোপ-আমেরিকার মতো হতো, তাহলে তো আর মানুষের চিন্তা-চেতনা এমন হতো না। মাঝে মাঝে ভাবি, আমাকে যদি কেউ আইনি সহযোগিতা করতেন তাহলে ছবি ও ভিডিও ব্যবহারের বিরুদ্ধে মামলা করতাম। কিছুদিন আগে দেখেছেন মনে হয়, ভারতে ঐশ্বরিয়া রাই কিন্তু মামলা করেছিলেন। সেই মামলা জিতেছেনও। এখন থেকে তাঁর অনুমতি ছাড়া কেউ ছবি ব্যবহার করতে পারবে না। আমাদের দেশে এটা কি করা যায় না?
অভিনয় প্রসঙ্গে প্রভা জানান, একই গল্প আর একই চরিত্র করতে করতে তিনি ক্লান্ত। তাই এখন বেছে বেছে কাজ করতে চান। প্রভা বলেন, ‘সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই ওটিটি প্ল্যাটফর্ম আর চলচ্চিত্রকে। খুব ইচ্ছা আছে এই দুই মাধ্যমে ভালো কিছু কাজ করা।