চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ। আগের অর্থবছরের এ সময়ে আদায় ছিল এক লাখ ৩ হাজার ৪০৯ কোটি ১৭ লাখ টাকা।
তবে প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে এনবিআর। চলতি চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারিত ছিল এক লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যের তুলনায় এই সময়ের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে আমদানি ও রপ্তানি শুল্ক পর্যায়ে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা। স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) থেকে আদায় ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা। এ ছাড়া আয়কর ও ভ্রমণ কর বাবদ সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।
খাতভিত্তিক প্রবৃদ্ধির হিসেবে স্থানীয় পর্যায়ের মূসক এগিয়ে রয়েছে—এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৭৮ শতাংশ। শুল্কে প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৩ শতাংশ এবং আয়করে ১৬ দশমিক ১১ শতাংশ। তবে কোনো খাতেই নির্ধারিত লক্ষ্য পূরণ সম্ভব হয়নি।
একক মাস হিসেবে অক্টোবরেও সামগ্রিক রাজস্ব আদায় বেড়েছে। মাসটিতে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি। তবে এ মাসে শুল্কে নেতিবাচক প্রবৃদ্ধি ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। বিপরীতে মূসকে প্রবৃদ্ধি ১০ দশমিক ৭৬ শতাংশ এবং আয়করে ৯ দশমিক ৯৮ শতাংশ।
প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও শুরুর চার মাসেই লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। ফলে আগামী মাসগুলোতে লক্ষ্য অর্জনে এনবিআরের সামনে বড় চাপ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।