রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে এই নিত্যপণ্যটি। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও তেমনভাবে কমেনি দাম। তবে কাঁচামরিচের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ডিম, মুরগি ও অন্যান্য নিত্যপণ্যের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজ আমদানি না করার সরকারি ঘোষণার পর থেকে বাজারে নতুন করে দামের চাপ তৈরি হয়েছে। পাইকারি পর্যায়ে মজুতদার ও কৃষক স্তরেই দাম বাড়ায় এর প্রতিফলন পড়ছে খুচরা বাজারে।
এর আগে মাসখানেক আগে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে কেজি ১১৫ থেকে ১২০ টাকায় ওঠে। পরে সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দাম কিছুটা কমলেও এখন আবার বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৬ টাকা কেজি দরে। যদিও টিসিবির হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় দাম এখনও প্রায় ১০ শতাংশ কম। বাজারে নতুন পাতাযুক্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
কারওয়ান বাজারের ব্যবসায়ী এরশাদ আলী বলেন, “সরকার আমদানি বন্ধ রেখেছে—এই সুযোগে মজুতদাররা আবার দাম বাড়িয়েছে।”
এদিকে বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। অধিকাংশ সবজির কেজি ৫০ টাকার ওপরে। শিমের কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন-বরবটি-উচ্ছের কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ-পটোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপির দাম কমে এখন মাঝারি সাইজের প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
বাজারে স্বস্তির খবর হলো—কাঁচামরিচের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দুই সপ্তাহ আগেও কেজি ১৮০–২০০ টাকায় বিক্রি হলেও গতকাল তা নেমে এসেছে ৬০–৭০ টাকায়।
নতুন আলু বাজারে এলেও দাম বেশ চড়া—কেজি ৮০ থেকে ১০০ টাকা। পুরোনো আলুর দামও কিছুটা বেড়ে কেজি ২৪ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ীদের মতে, উৎপাদন এলাকাগুলোতে এখনও সবজির দাম বেশি থাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে এর প্রভাব পড়ছে। কারওয়ান বাজারের আড়তদার হেলাল উদ্দিন জানান, কৃষকেরা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন, তাই ঢাকায় প্রতিদিনের দামে তেমন কমতি দেখা যাচ্ছে না।
অন্যদিকে ডিম ও মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল। ফার্মের ডিম ডজনপ্রতি ১২০ টাকা, আর ব্রয়লার মুরগির কেজি ১৬০–১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ২৬০–২৮০ টাকা। মাছ-মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের দামও প্রায় আগের অবস্থায় রয়েছে।