• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

স্বায়ত্তশাসন ইস্যুতে অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন–সংক্রান্ত প্রস্তাব বাতিলের প্রতিবাদে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩০ নম্বর ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ। তিনি বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু কোনো ধরনের আলোচনা বা প্রক্রিয়া অনুসরণ না করেই সেই প্রস্তাব বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থ উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন তিনি নিজেই এই সংশোধনী প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অথচ উপদেষ্টা হওয়ার পর গভর্নরকে পাঠানো এক চিঠিতে তিনি জানান, এই সংশোধনের আর প্রয়োজন নেই। এই দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য নয় বলেই তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এমনকি প্রতীকী হলেও এক দিনের জন্য তার পদত্যাগ চান তারা।

প্রতিবাদ সভায় জানানো হয়, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। সে কারণে যে দলই সরকার গঠন করুক, দ্রুত সময়ের মধ্যে এই স্বায়ত্তশাসন বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তারা। নির্বাচন-পরবর্তী সময়ে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।

প্রতিবাদ সভায় পাঠ করা লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বায়ত্তশাসন নিশ্চিত এবং আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গত ৯ অক্টোবর সংশোধনী প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, দেশের আর্থিক খাতের শৃঙ্খলা, সুশাসন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি স্বাধীন ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প নেই। অথচ সংশ্লিষ্ট অধ্যাদেশ প্রণয়নে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নানা কাঠামোগত সংস্কার উদ্যোগ নেওয়া হলেও বহুল প্রত্যাশিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১