• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নদীপথের অবকাঠামো উন্নয়নের আহ্বান ঢাকা চেম্বার সভাপতির

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬

ব্যবসা পরিচালন ব্যয় হ্রাসে অভ্যন্তরীণ নদীপথের অবকাঠামো উন্নয়নের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

সোমবার (১১ মে) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ডিসিসিআই সভাপতি বলেন, নদীমাতৃক বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম। কিন্তু নদীতে পলি জমে নাব্যতা হ্রাস ও অবৈধ দখলের মতো প্রতিবন্ধকতার কারণে তা ব্যবহার করা যাচ্ছে না।

এ অবস্থা দূর করতে নদীতীর পুনরুদ্ধার ও পরিকল্পিত খনন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তাসকীন আহমেদ। যাতে দেশের ব্যবসায়ী সমাজ কম খরচে অধিক কার্যকর বাণিজ্যিক লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে নৌ-চলাচল বৃদ্ধি, ব্যবসার ব্যয় হ্রাস এবং একই সঙ্গে সেচ ও কৃষি উৎপাদনশীলতা এবং অর্থনীতির গতি বহুগুণে বাড়বে।

রাজধানীর চারপাশের নৌপথের কৌশলগত ব্যবহার বাড়াতে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করে প্রায় ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথের যথাযথ ব্যবস্থাপনা নগরীর যানজট নিরসনে কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। এলক্ষ্যে খাল খনন ও লজিস্টিক সহায়তা দিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের আওতায় বেসরকারিখাতকে সম্পৃক্ত করার প্রস্তাব করেন তাসকীন আহমেদ।

এসময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাশ্রয়ী যাতায়তের অন্যতম মাধ্যম দেশের অভ্যন্তরীণ নদীপথের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এরই মধ্যে বেশকিছু উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী বিশেষ করে সরকার গৃহীত দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে বেসরকারিখাতকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। যার ফলে একটি পরিবেশবান্ধব ও টেকসই যোগাযোগমাধ্যম বিনির্মাণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে মন্ত্রী মত প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ও মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১