• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬-এ অংশ নিচ্ছেন বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গুগল লোকাল গাইডসের আয়োজনে আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপস কমিউনিটির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ৬৫ জন অভিজ্ঞ গুগল ম্যাপস কন্ট্রিবিউটর ও গুগলার এই আয়োজনে অংশ নেবেন। এতে অংশ নিচ্ছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’-এ পাভেল ও সুমাইয়া পৃথকভাবে আমন্ত্রিত হয়েছেন। এই আয়োজনে অংশগ্রহণের জন্য তাদের যাতায়াত, থাকা, খাবার, ভিসা প্রসেস সহ প্রয়োজনীয় সকল খরচ গুগল বহন করছে।

‘কানেক্ট লাইভ’ গুগল ম্যাপস ও লোকাল গাইডস কমিউনিটির একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের বিভিন্ন ফিচার, প্রযুক্তিগত আপডেট ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার পাশাপাশি গুগল টিম এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ পাবেন।

গুগল লোকাল গাইডস হলো গুগল পরিচালিত একটি আন্তর্জাতিক কমিউনিটি। এখানে বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী কন্ট্রিবিউটররা গুগল ম্যাপসকে আরও কার্যকর ও তথ্যসমৃদ্ধ করতে অবদান রাখেন। নতুন স্থান যোগ করা, বিদ্যমান তথ্য সংশোধন, রিভিউ লেখা এবং ছবি ও ভিডিও সংযোজনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা গুগল ম্যাপসের তথ্যভান্ডার সমৃদ্ধ করেন।

দীর্ঘদিন ধরে গুগল ও লোকাল গাইডস কমিউনিটির সঙ্গে যুক্ত পাভেল-সুমাইয়া দম্পতির রয়েছে উল্লেখযোগ্য অর্জন।

২০১৭ সালে গুগলের আমন্ত্রণে পাভেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘লোকাল গাইডস সামিট ২০১৭’-এ অংশ নেন। পরবর্তীতে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে একটি ভিডিও ফিচারও প্রকাশ করা হয়। ২০২১ সালে তিনি কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে ‘গাইডিং স্টার অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়া ২০২৫ সালে তিনি ‘কানেক্ট লাইভ টোকিও’-তে অংশ নেন।

অন্যদিকে, সুমাইয়া ২০২০ সালে ‘হেল্পফুল হিরো’ ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি গুগল লোকাল গাইডস কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট ও কানেক্ট লাইভ-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তিনি। এছাড়া ২০২৩ সালে টোকিওতে অনুষ্ঠিত ‘কানেক্ট মডারেটর কনভারসেশন’ এবং ২০২৫ সালের ‘কানেক্ট লাইভ টোকিও’-তেও অংশ নেন।

এই বাংলাদেশি দম্পতিকে নিয়ে গুগল লোকাল গাইডস বিভিন্ন সময়ে ফিচার প্রকাশ করেছে। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুমাইয়াকে “ইন্সপায়ারিং ওমেন” হিসেবে ফিচার প্রকাশ করা হয়। ২০১৮ সালের ভালোবাসা দিবসে গুগল লোকাল গাইডসের প্ল্যাটফর্মে ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে পাভেল ও সুমাইয়াকে নিয়ে একটি বিশেষ ফিচার প্রকাশিত হয়। পরবর্তী সময়ে ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষেও তাদের কার্যক্রম বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত পাভেল সারওয়ার একজন তথ্যপ্রযুক্তি ও ফিনটেক পেশাজীবী, গুগল সার্টিফায়েড এডুকেটর ও প্রশিক্ষক। অন্যদিকে, সুমাইয়া জাফরিন চৌধুরী একজন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) প্র্যাকটিশনার এবং বর্তমানে মালয়েশিয়ায় লার্নিং ডিজঅ্যাবিলিটি বিষয়ে গবেষণা করছেন।

গুগল ম্যাপস কমিউনিটিতে অবদানের পাশাপাশি এই দম্পতি মালয়েশিয়ায় গুগল এডুকেটর গ্রুপ, সেরেম্বান এর নেতৃত্ব দিচ্ছেন।

প্রযুক্তি, শিক্ষা, তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ায় বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। তাদের প্রতিষ্ঠিত উদ্যোগের মধ্যে রয়েছে মালয়েশিয়াভিত্তিক ‘ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ’ এবং বাংলাদেশভিত্তিক ‘ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন’।

এবার ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’-এ পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরীর অংশগ্রহণ আন্তর্জাতিক গুগল ম্যাপস ও লোকাল গাইডস কমিউনিটিতে বাংলাদেশিদের ধারাবাহিক সক্রিয় অংশগ্রহণের আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১