বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা উড়িয়ে গৌরব অর্জন করেছে সোনাগাজীর কৃতিসন্তান জাইফ বিন মোরশেদ। চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৫৭টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে আইইও ইয়ুথ বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেছে সে। তার এ অনন্য সাফল্যে বাংলাদেশের জন্য এসেছে আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান।
বিশ্বমঞ্চে অংশ নেওয়ার আগে দেশব্যাপী প্রায় ৪৮ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে কঠোর চার ধাপের বাছাই ও ন্যাশনাল ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত শীর্ষ পাঁচজনের একজন হিসেবে বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নেয় জাইফ।
জাইফ বর্তমানে ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এর আগে সে ৯টি বিষয়ে এ প্লাস এবং বিশ্বসেরা (World Highest) নম্বর অর্জন করে ব্রিটিশ কাউন্সিলের বিশেষ সংবর্ধনা লাভ করে।
ফেনীর সোনাগাজী সরকারি কলেজ রোডের নিকুঞ্জ ভিলার বাসিন্দা জাইফ বিন মোরশেদ একটি শিক্ষিত ও সুনামধন্য পরিবারের সন্তান। তার দাদা মরহুম মাওলানা আব্দুর রব ছিলেন সোনাগাজী পাইলট হাইস্কুলের একজন স্বনামধন্য শিক্ষক। বাবা মোরশেদ আলম প্রিন্স ঢাকার সোনাগাজী সমিতির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের একজন সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব।
এছাড়া, প্রখ্যাত সাংবাদিক ও চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান এবং বর্তমান জাতীয় সংসদের সদস্য ফাহমিদা হক জাইফের আপন খালু ও খালা।
জাইফের এই অসাধারণ অর্জনে সোনাগাজীসহ সমগ্র দেশের মানুষ গর্বিত। তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নতুন অনুপ্রেরণা জোগাবে।