• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় নতুন আরেকটি অগ্রগতি হলো। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে আজ ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ তুলে দেওয়া হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোববার চিঠি দিয়ে বিষয়টি ব্যাংকটিকে অবহিত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হস্তান্তরের মাধ্যমে পাঁচটির মধ্যে মোট তিনটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে। খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিগত সরকারের আমলে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর ফার্স্ট সিকিউরিটি ইসলামীসহ বাকি ব্যাংকগুলো ছিল বিতর্কিত এস আলম গ্রুপের দখলে।

চরম আর্থিক বিপর্যয় ও আমানতকারীদের আস্থা সংকটের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এ পাঁচটি ব্যাংককে একত্রিত করে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো একীভূত হলেও প্রযুক্তিগত সমন্বয় পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। আইটি ব্যবস্থা এক না হওয়া পর্যন্ত পুরনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলেই পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি মুছে গিয়ে একক নামে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১