• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন সাংবাদিক মাহমুদ সোহেল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল: সাহসী ও আপসহীন সাংবাদিকতায় দীর্ঘ ২৩ বছরের পথচলার স্বীকৃতি স্বরূপ আরেকটি সম্মাননা পাচ্ছেন।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন গাজী টেলিভিশনের (GTV) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। ২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিককে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে সাংবাদিকতায় জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিং দিয়ে পেশাজীবন শুরু করেন মাহমুদ সোহেল। দীর্ঘ এই পথচলায় রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল—গণমাধ্যমের প্রায় সব প্ল্যাটফর্মেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

দিগন্ত টেলিভিশন, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে জিটিভিতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্তা সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

সহকর্মীদের মতে, মাহমুদ সোহেল শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, একজন সংগঠক ও দায়িত্বশীল নেতৃত্বও। দায়িত্ব পালনে তার আন্তরিকতা, কাজের প্রতি নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ তাকে আলাদা করেছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বের প্রতি তার একাগ্রতা এবং নেতৃত্বে সহযোগীদের সামনে এগিয়ে দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন সহকর্মীরা।

তবে তার এই দীর্ঘ পথচলা ছিল নানা প্রতিকূলতায় ভরা। দুর্নীতিবিষয়ক সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা একটি মামলায় তাকে একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়েছে। মামলার কথা গণমাধ্যমে বা ফেসবুকে প্রকাশ করা হলে গুম করার হুমকি দেয়া হয়েছিল সচিবালায় ডেকে নিয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের গোপন কক্ষে এখন কি তাকে দেয়া হয় বলে জানান তিনি। এছাড়াও দুর্নীতি নিয়ে নিউজ করায় নানা সময়ে বিভিন্ন চাপ ও হুমকির মুখেও পড়তে হয় তাকে।

এর আগে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর বেকারত্ব ও পারিবারিক সংকটের কঠিন সময় পার করতে হয়েছে তাকে। অসুস্থ ও প্যারালাইজড মাকে বাড়িতে পাঠাতে বাধ্য হন তিনি। পরবর্তীতে চাকরি পেলেও অসুস্থ মাকে আর নিজের কাছে ফিরিয়ে আনতে পারেননি। পৃথিবী থেকে বিদায় নেন মা।

প্রতিকূলতার মধ্যেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ থেকে সরে আসেননি মাহমুদ সোহেল। পেশাগত জীবনে নানা চাপ ও সংকট মোকাবিলা করেও সাংবাদিকতার আদর্শ ধরে রাখার কারণে সহকর্মীদের কাছে তিনি সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিকতার একজন উদাহরণ হিসেবে পরিচিত।

নতুন দায়িত্ব গ্রহণ এবং ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ প্রাপ্তির মধ্য দিয়ে সাংবাদিকতার দীর্ঘ পথচলায় আরেকটি স্বীকৃতি পেলেন মাহমুদ সোহেল।

২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন মিলনায়তনে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজাসহ বিশিষ্টজনেরা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০