রাজধানীর ডেমরায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা সমাজ থেকে সব ধরনের মাদক নির্মূলে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর ডেমরার ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘মাদকমুক্ত সমাজ চাই, ভাই-ভাতিজা বাঁচাতে চাই’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মিছিলটি রাজাখালি জামে মসজিদ থেকে শুরু হয়ে ৬৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মাহাতাব উদ্দিনকে সভাপতি এবং সমাজসেবক মো. আলম চানকে সাধারণ সম্পাদক করা হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদকাসক্তি আত্মবিনাশের পথ। যারা মাদক গ্রহণে উৎসাহিত করে, তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে যেভাবে মাদকের বিস্তার ঘটছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদকের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্য নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে।