• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রিহ্যাব সদস্য নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঢাকা, ৬ জুলাই: বরিশালে রিহ্যাবের এক সদস্যের ওপর শারীরিক নির্যাতন, সংবেদনশীল অঙ্গে আঘাত, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর রিহ্যাব প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল। এ সময় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ড. আলী আফজাল বলেন, বরিশালে রিহ্যাব সদস্য, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনা শুধু একজন উদ্যোক্তার ওপর হামলা নয়, বরং দেশের নিরাপদ ও বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশের ওপরও গুরুতর আঘাত। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ রিহ্যাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ইতিবাচক হলেও তাদের দ্রুত জামিনের চেষ্টা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উদ্বেগজনক। অভিযোগ সত্য হলে তা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়িক বা আর্থিক বিরোধ থাকলে তা আইনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে; কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে রিহ্যাব চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো— দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত; অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা; ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা; এবং ভবিষ্যতে আবাসন খাতের উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনটি সবসময় আইনের শাসন, ন্যায়বিচার এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করা হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১