• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিউইয়র্ক প্রতিনিধি: এ এস এম রাজু আলীমকে সভাপতি ও আলমগীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করে গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসীরা তাদের ওপর আস্থা রেখে এ দায়িত্ব দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনা জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ। পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
পাবনা থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা, নতুন প্রজন্মের কাছে পাবনার ঐতিহ্য তুলে ধরা এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও উদ্যোগের মাধ্যমে প্রবাসী পাবনাবাসীদের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এ এস এম রাজু আলীম বলেন, “পাবনা আমাদের শিকড়। আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আমাদের সবার মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা পাবনাবাসীর জন্য একটি সুন্দর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।”
তিনি আরও বলেন, “প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে পাবনার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করা আমাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বেপারী বলেন, “গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ শুধু একটি সংগঠন নয়; এটি প্রবাসী পাবনাবাসীর পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসার একটি সেতুবন্ধন। আমরা চাই, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত পাবনাবাসীকে একটি প্ল্যাটফর্মের আওতায় এনে সবাইকে নিয়ে এগিয়ে যেতে।”
তিনি বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা বাড়ানো হবে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসী কমিউনিটির মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।”
নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে কুতুব উদ্দিন আইবেক ও হাফিজুর রহমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম ও ফুলন। সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম, মহিলা সম্পাদিকা আসমা খাতুন রুমা, সহ-সম্পাদিকা বিথিকা, ক্রীড়া সম্পাদক আলতাব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ফরিদুল আলম এবং প্রচার সম্পাদক করা হয়েছে কামরুজ্জামানকে।
উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, ফজলুল হক খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু ও ডা. খোকন।
প্রবাসে পাবনাবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মক্ষেত্র, ব্যবসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন বাস্তবতায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন প্রবাসী পাবনাবাসীর পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর নেতৃত্বের প্রত্যাশা, সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। পাবনার ইতিহাস-ঐতিহ্য ধারণ করে প্রবাসে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ পাবনা কমিউনিটি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১