• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১,০৪০ কোটি টাকা উত্তোলন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা, ৮ সেপ্টেম্বর ৮ হাজার ২৩৪ জন ৩৪০ কোটি টাকা এবং ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।

এর আগে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এতে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের চাহিদা আসে। তবে আবেদনকারীদের তুলনায় প্রতিদিন কমসংখ্যক গ্রাহক টাকা তুলতে আসছেন।

ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গ্রাহকদের টাকা ফেরতের পাশাপাশি ব্যাংকে নতুন করে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ৭ সেপ্টেম্বর ব্যাংকে ১৪১ কোটি এবং ৮ সেপ্টেম্বর ১৯৫ কোটি টাকা জমা হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক লেনদেনও চলছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে ব্যক্তি আমানতকারীদের মূল আমানত ফেরত দিতে তারল্য সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০