• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির অনুমোদন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদেবা আখতারকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর কনডিশন ১(৩)(ডি)-তে স্বতন্ত্র পরিচালকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্ত শিথিল করে আদেবা আখতারকে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশন সম্পন্ন করবে।

করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের বিধান রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কমিশনের বিবেচনায় নির্দিষ্ট শর্ত শিথিল করার সুযোগ রয়েছে।

এদিকে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছিল। তখন বাস্তবায়নের সময়সীমা ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে অধিকাংশ কোম্পানি শর্ত পূরণ করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার