• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

১১২ কোটি টাকা ঋণ, নিলামে কারখানার সম্পত্তি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিয়মিত ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বে থাকা পরিবেশবান্ধব ও সনদপ্রাপ্ত গ্রিন ফ্যাক্টরি প্লামি ফ্যাশনস লিমিটেডের বন্ধকী সম্পত্তি নিলামে তুলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।

ব্যাংকের তথ্য অনুযায়ী, সুদসহ প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১১২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৬৮৯ টাকা। খেলাপি ঋণ আদায়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানাটির ৬০ দশমিক ৫০ ডেসিমাল জমি ও এর ওপর নির্মিত এবং নির্মাণাধীন স্থাপনা বিক্রির উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

এ জন্য জাতীয় দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে সিলমোহর করা দরপত্র আহ্বান করেছে এমটিবি।

ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমটিবির প্রিন্সিপাল শাখা থেকে প্লামি ফ্যাশনসের অনুকূলে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকের এই পাওনা তৈরি হয়েছে।

নিলামের আওতায় থাকা জমির একটির পরিমাণ ২৮ দশমিক ৫০ ডেসিমাল এবং অন্যটির পরিমাণ ৩২ ডেসিমাল। সব মিলিয়ে ৬০ দশমিক ৫০ ডেসিমাল জমিসহ এর ওপর নির্মিত ও নির্মাণাধীন সব ধরনের স্থাপনা বিক্রির জন্য তোলা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর বিকেল ৩টার মধ্যে দরপত্র জমা দিতে হবে।

প্লামি ফ্যাশনস দেশের তৈরি পোশাক খাতের একটি পরিবেশবান্ধব কারখানা। প্রতিষ্ঠানটি গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক সনদ পেয়েছে। পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার জন্য পরিচিত এই প্রতিষ্ঠানের বন্ধকী সম্পত্তি ঋণ আদায়ে নিলামে তোলার উদ্যোগ এখন আলোচনায় এসেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. ফজলুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বিষয়টির বিস্তারিত জানিয়ে হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

বিজ্ঞাপন

ব্যবসায়ী সম্প্রদায়ের দাবির মুখে গত আগস্টে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ পান পোশাকশিল্পের উদ্যোক্তা মো. ফজলুল হক। তিনি প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে আইসিসি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার