আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন চীনের বর্তমান অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াও।
সংস্থাটির বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হতে যাচ্ছে। এর পরপরই অর্থাৎ ১ ডিসেম্বর থেকে নতুন পদে দায়িত্ব গ্রহণ করবেন চীনের এই উপ-অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক ঘোষণায় জানান, চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াওকে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আইএমএফ জানায়, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ২০২৩ সাল পর্যন্ত তিনি সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশন অফিসের উপমন্ত্রী পদেও দায়িত্ব পালন করেন। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় সাধনে তার দীর্ঘ ও গভীর দক্ষতা রয়েছে। ২০২৩ সাল থেকে তিনি দেশটির মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এর আগে, তিনি সেন্ট্রাল লিডিং গ্রুপ ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ এবং ব্যাংক অব চায়নায় কাজের মাধ্যমে পেশাজীবন শুরু করেন লিয়াও। তিনি চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনে জেনারেল অফিসের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। পরবর্তীতে তিনি সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। নীতি ও নিয়ন্ত্রণমূলক কাজের পাশাপাশি অর্থায়ন, ব্যাংকিং সুপারভিশন, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক সুশাসনের ওপর তার বিভিন্ন গবেষণা রয়েছে। শিক্ষাজীবনে লিয়াও পিকিং ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির প্রশংসা করে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ২০২১ সালের আগস্টে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার পর থেকে বো লি সকলের প্রিয় সহকর্মী ও বন্ধু হয়ে উঠেছেন। বৈশ্বিক অর্থনীতির অত্যন্ত উত্তাল সময়গুলোতে তিনি অবিচল বিচারবুদ্ধি, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও শান্ত সহমর্মিতার মাধ্যমে তহবিলকে পথ দেখিয়েছেন।
তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে বো লি প্রায় ৯০টি সদস্য দেশের জন্য তহবিলের নীতিগত কাজ দেখভাল করেছেন। তিনি তহবিলের প্রথম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও রোডম্যাপ প্রণয়ন এবং ডাটা গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক আধুনিকায়নে নেতৃত্ব দেন। ডিজিটাল মুদ্রা, আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা পরিচালনা ও স্টেবলকয়েন রেগুলেশন নিয়ে কাজ করার পাশাপাশি, ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সঙ্গে তহবিলের সম্পৃক্ততা জোরদার, কমন ফ্রেমওয়ার্কের অধীনে ঋণ পুনর্গঠন এবং সুশাসন ও দুর্নীতি দমন অ্যাজেন্ডায় তিনি নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নজরদারি, ঋণদান ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে কাজ শুরু করেছিলেন বো লি।
বো লির অবদানের কথা স্মরণ করে জর্জিয়েভা বলেন, বো তহবিলে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। তার বন্ধুত্ব, পরামর্শ এবং সদস্য দেশগুলোর প্রতি নিবেদনের জন্য তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।
নতুন মনোনীত উপ-ব্যবস্থাপনা পরিচালক মিন লিয়াওয়ের কথা উল্লেখ করে আইএমএফ প্রধান বলেন, মিন ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন সম্মানিত নীতি প্রণেতা। বৈশ্বিক সামষ্টিক নীতি সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক রাজস্ব, আর্থিক ও বাণিজ্য সহযোগিতার সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত। অভ্যন্তরীণ সংস্কার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা তহবিল ও সদস্য দেশগুলোর জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ হবে।