• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সরবরাহ সংকট ও মৌসুম শেষ: দুই কারণে চড়া সবজির দাম, ব্যতিক্রম কেবল পেঁপে

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাজধানীর খুচরা বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কোথাও কোথাও তা ছাড়িয়ে যাচ্ছে ১৪০–১৬০ টাকাও।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর রামপুরা, শান্তিনগর ও মালিবাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, চলমান বৃষ্টিপাত এবং অধিকাংশ সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে পণ্যের দাম বেড়েছে।

রামপুরা বাজারে ক্রেতা আবুল কালাম বলেন, “সব ধরনের সবজির দাম অনেক বেশি। আজ পেঁপে ছাড়া কোনো সবজিই ৬০ টাকার নিচে নেই। ঢেঁড়স ৯০ টাকা, করোলা ১০০, বেগুন ৮০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়।”

একই অভিযোগ মালিবাগ বাজারের ক্রেতা জয়নুল হকেরও। তিনি বলেন, “বেশ কিছু দিন ধরে সবজির দাম লাগামহীন। বিক্রেতারা শুধু বলছে সরবরাহ কম, কিন্তু এর সঠিক কারণ জানার বা বাজার মনিটরিংয়ের কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।”

বাজারে কঁচুর লতি, বরবটি, ঝিঙ্গা, ধন্দুল, কাঁকরোল—সবই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল বেগুন ১৪০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা ও কাঁচা মরিচের দাম ২৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। শুধু কাঁচা পেঁপে কিছুটা স্বস্তি দিচ্ছে—যার দাম ৩০ টাকা কেজি।

শান্তিনগর বাজারের বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, “বর্তমানে বাজারে বেশিরভাগ সবজির মৌসুম শেষ। নতুন ফসল এখনও উঠতে শুরু করেনি। পাশাপাশি সাম্প্রতিক টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। এসব কারণে পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরা পর্যায়ে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

তিনি আরও জানান, দাম বেশি হওয়ায় আগের তুলনায় বিক্রিও কমে গেছে। আগে যে ক্রেতা এক কেজি সবজি কিনতেন, এখন তিনি আধা কেজিতে সীমাবদ্ধ থাকছেন।

সবজি কিনতে গিয়ে বিপাকে পড়া সাধারণ মানুষ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, বাজারে কার্যকর মনিটরিং না থাকলে এমন অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার