• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিং প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সারাদেশের ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি পৃথক কর্মশালা আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। ঢাকা, খুলনা, বগুড়া ও কুমিল্লায় আয়োজিত এসব দিনব্যাপী কর্মশালায় ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় সঠিক লেনদেন, টাকার উৎস যাচাই, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর আলোচনা হয়।

দেশব্যাপী প্রায় ৩ লাখ ৫০ হাজারেরও বেশি এজেন্ট নিয়ে গড়ে ওঠা বিকাশের শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করে এই ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানগুলো। তারা এজেন্টদের প্রশিক্ষণ, লেনদেনের সঠিকতা ও গ্রাহক সেবার মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কর্মশালায় অংশগ্রহণকারী ডিস্ট্রিবিউটররা কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিকাশের নিয়মিত সহায়তাকে ব্যবসা পরিচালনায় সহায়ক বলে উল্লেখ করেন। বিকাশের পক্ষ থেকে হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি ও সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন,“বিকাশ ও ডিস্ট্রিবিউটরদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে একটি শক্তিশালী নেটওয়ার্ক, যার মাধ্যমে দেশজুড়ে ৮ কোটি ২০ লাখ গ্রাহক নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন। ক্যাশ-ইন, ক্যাশ-আউটের বাইরেও এখন বিকাশের সেবা গ্রাহকের আর্থিক প্রাপ্যতা ও ব্যবস্থাপনার কেন্দ্রে পরিণত হয়েছে।”

বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক বলেন, “বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে বিকাশ কমপ্লায়েন্সকেই ব্যবসা পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। সম্প্রতি আর্থিক লেনদেনে হুন্ডি ও মানি লন্ডারিংয়ে জড়িত অসাধু চক্রের কার্যক্রম রোধে আমরা ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে কঠোর তত্ত্বাবধান নিশ্চিত করছি।”

বিকাশ জানিয়েছে, এ উদ্যোগের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মীদের নিয়ে এমন সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১