• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ফারইস্ট ইসলামী লাইফের সিইও পদে কামরুল হাসানের নিয়োগ বাতিল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইন অনুযায়ী বীমা কোম্পানির সিইও পদে নিয়োগ পেতে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় তার নিয়োগ নামঞ্জুর করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আইডিআরএ’র পরিচালক (লাইফ) ও উপসচিব রকিবুল রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়, ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা ২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(ক) অনুসারে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট দাখিল করার বিধান থাকা সত্ত্বেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তার বিদেশ থেকে অর্জিত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে সমতাকরণ সার্টিফিকেট এবং স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করা হয়নি।

এছাড়া তিনি তার জীবন বৃত্তান্তে বিভিন্ন লাইফ বীমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি কোনো প্রমাণক দাখিল করেননি এবং তিনি তিনটি লাইফ বীমা প্রতিষ্ঠানে (প্রোটেক্টিভ লাইফ ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স) মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন উল্লেখ করলেও কর্ম অভিজ্ঞতার কোনো প্রমাণক দাখিল করা হয়নি।

এছাড়াও, ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ (সংশোধিত ২০২৩) এর প্রবিধি ৩(খ) অনুসারে লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ২ (দুই) বছরের কর্ম অভিজ্ঞতার প্রমাণক সংযুক্ত করা হয়নি। প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ঋণখেলাপী নন মর্মে বীমা কোম্পানির পর্ষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র সংযুক্ত করা হয়নি। কর্তৃপক্ষের জারিকৃত চেকলিস্ট মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের সুপারিশ সম্বলিত এনআরসি কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি প্রদান করা হয়নি।

ফলে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসানের নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ কর্তৃক নামঞ্জুর করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০