• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আলুর রপ্তানি ও প্রক্রিয়াকরণ বাড়াতে প্রথমবারের মতো আলু উৎসব

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আলুর নানামুখী ব্যবহার, রপ্তানি ও প্রক্রিয়াকরণ বাড়াতে প্রথমবারের মতো দেশে আলু উৎসব আয়োজন করা হয়েছে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হবে এ উৎসব।

এতে ৬৬টি স্টলে আলুবীজ উৎপাদনকারী, অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, সার সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান, আলু হতে প্রক্রিয়াজাতকৃত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করবে। এ ছাড়া অভিজ্ঞ শেফ দ্বারা আলুর তৈরি খাবার—যেমন আলু পরোটা, আলু পুরি, আলু শিঙাড়া, আলুর চপ, আলুর বুন্দিয়া, আলুর পায়েস, আলুর লুচি, আলুর চটপটি, আলুর হালুয়া, ফ্রেঞ্চফ্রাই ইত্যাদি মেলাস্থলে তৈরি ও বিপণন করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে আলু উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান প্রতিবছর ৬ থেকে ৭ লাখ টন আলু বিদেশে রপ্তানি করে থাকে। যেখানে বাংলাদেশ ২০২৫ সালে সর্বোচ্চ আনুমানিক ৭২ হাজার টন আলু রপ্তানি করেছে। আলু রপ্তানির পরিমাণ কীভাবে পার্শ্ববর্তী দেশের পর্যায়ে উন্নীত করা যায়, তা নিয়ে এই আন্তর্জাতিক মেলার প্যানেল অধিবেশনে আলোচনা করা হবে। সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে আলুর প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ যেখানে ৭ শতাংশ, সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ খাবার আলু প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত হয়। এই আলু প্রক্রিয়াকরণ শিল্পকে সক্ষম করে ক্রমান্বয়ে ৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়।

এ আয়োজনে সারা দেশ থেকে ৫ শতাধিক কৃষক, আলু ব্যবসায়ী, আলু রপ্তানিকারক, আলুবীজ উৎপাদনকারী, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কৃষিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, চেম্বার বা অ্যাসোসিয়েশন নেতাসহ সাধারণ দর্শনার্থী অংশগ্রহণ নেবেন বলে আয়োজকেরা জানান।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সমাপনী অনুষ্ঠানে আলু বেশি উৎপাদন হয় দেশের এ ধরনের ১০ জেলা থেকে ১০ জন আলুচাষিকে সম্মাননা দেওয়া হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১