• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

তিন কোম্পানির টিকে থাকা নিয়ে নিরীক্ষকের সংশয়

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পুঞ্জীভূত লোকসান, আর্থিক দুরবস্থা ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কোম্পানিগুলোর নিরীক্ষক।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পুঞ্জীভূত লোকসান, আর্থিক দুরবস্থা ও ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কোম্পানিগুলোর নিরীক্ষক। কোম্পানিগুলো হচ্ছে বিদ্যুৎ খাতের জিবিবি পাওয়ার লিমিটেড, ওষুধ খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বস্ত্র খাতের সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। কোম্পানি তিনটি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছেন নিরীক্ষক।

জিবিবি পাওয়ারের সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এসএইচ তালুকদার। নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, ২০২৩ সালের জুনে কোম্পানিটির বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর পর থেকে এ চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি। গত দুই হিসাব বছর ধরে কোম্পানিটির মূল ব্যবসা বিদ্যুৎ বিক্রি থেকে কোনো আয় আসেনি। এ অবস্থায় কোম্পানিটির টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে জিবিবি পাওয়ার বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার জিবিবি পাওয়ারের শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মোহাম্মদ শিব্বির হোসেন। নিরীক্ষক আর্থিক প্রতিবেদনে প্রদত্ত মতামতে জানিয়েছেন যে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ এর পরিশোধিত মূলধনের প্রায় সমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায় মেটানোর জন্য নতুন তহবিল জোগানে ব্যর্থ হয়েছে। কোম্পানিটি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ কর দাবি করা হয়েছে। উচ্চ ব্যয় ও সীমিত উৎপাদনের কারণে কোম্পানির উৎপাদন ব্যয় এর আয়কে ছাড়িয়ে গেছে। কোম্পানি ড্রাগ লাইসেন্সও নবায়ন করেনি। এমনকি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ফি পরিশোধ করতে পারেনি। এসব কারণে ভবিষ্যতে কোম্পানিটির টিকে থাকার বিষয়ে সংশয় জানিয়েছেন নিরীক্ষক।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরের শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৮৭ পয়সায়।

ডিএসইতে গত বৃহস্পতিবার সেন্ট্রার ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বশেষ ৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৭ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলসের ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এ কে গোলাম কিবরিয়া। নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৫ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৫৫৩ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ঋণাত্মক রিটার্ন দিয়েছে। এ পরিস্থিতির কারণে ভবিষ্যতে কোম্পানিটির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সোনারগাঁও টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সায়।

ডিএসইতে গত বৃহস্পতিবার সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার সর্বশেষ ৩২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকার মধ্যে ওঠানামা করেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১