পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের স্বস্তি দিতে এবারও ন্যায্যমূল্যে দুধ, গরু ও মুরগির মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এসব পণ্য বিক্রি করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রমজানকেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রণালয় সূত্র জানায়, নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকায়। এছাড়া চামড়া ছাড়ানো (ড্রেসড) ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৫০ টাকা। পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকায় বিক্রি করা হবে।
এ বছর দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ অধিকাংশ দেশে ১৮ ফেব্রুয়ারি শাবানের ৩০ দিন পূর্ণ হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। বাংলাদেশসহ কয়েকটি দেশে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।