• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। তিনি আজ (৭ এপ্রিল) অনুষ্ঠিত ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় যোগদান করেন।

এর আগে, ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে তিনটি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতাও অত্যন্ত সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস) এবং ব্রিগেড মেজর (প্রধান পরিচালন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (প্রধান পরিচালন কর্মকর্তা) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে সহকারী সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র প্রশিক্ষক (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন দফা দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আইভরি কোস্টে বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে একবার এবং সিরিয়ার জাতিসংঘ মিশন ও আইভরি কোস্টের জাতিসংঘ অভিযানে দু’বার সামরিক পর্যবেক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০