বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় জেনেক্স ইনফোসিস পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হওয়া এবং সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ ৮ জন কর্মকর্তাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসইসি বিজ্ঞপ্তিতে জানায়, জেনেক্স ইনফোসিস পিএলসি কোম্পানি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হয়। বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান না করে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কোম্পানির সংশ্লিষ্টদের (তৎকালীন পরিচালনা পর্ষদ সদস্য) অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ক্রমিক অনুযায়ী দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম ১ লাখ টাকা, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল উদ্দিন ১ লাখ টাকা, পরিচালক চৌধুরী ফজলে ইমাম ১ লাখ টাকা, পরিচালক প্রিন্স মজুমদার ১ লাখ টাকা, পরিচালক ওরাকল সার্ভিসেস পিএলসি ১ লাখ টাকা, পরিচালক নিলুফার ইমাম ১ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের এ ঘটনায় ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।