জাতীয় বাজেট ২০২৬-২৭ পর্যালোচনা করে করের আওতা সম্প্রসারণ, রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর এবং প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ফিকি সভাপতি রূপালী হক চৌধুরী বলেন, টেকসই রাজস্ব প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ অপরিহার্য।
ফিকি করদাতার সংখ্যা বাড়ানো, এনবিআরের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, কাস্টমস-ভ্যাট-আয়কর ব্যবস্থার সমন্বিত অটোমেশন এবং কার্যকর করহার যৌক্তিক পর্যায়ে আনার জন্য রোডম্যাপ প্রণয়নের সুপারিশ করেছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বরাদ্দ ও প্রণোদনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ফিকির নেতারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর সংস্কার ও স্বচ্ছ রাজস্ব ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।