• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ফেরদৌস স্টিলকে ৫ লাখ জরিমানা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।

গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। পরিদর্শন ও তদন্তে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতির আওতায় ফেরদৌস স্টিলের পরিবেশগত ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম পুনরায় শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে তারা আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ কোম্পানিটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে সতর্ক করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পাঁচ দিন পর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ইয়ার্ডটির বিরুদ্ধে-এ ব্যবস্থা নেওয়া হলো। ১৪ আগস্ট জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যু হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১