• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নবগঠিত মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম সভা (অনলাইনে) অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৭ মেয়াদের ৮১ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির ১ম পরিচিতি সভা অনলাইনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর ২৭ আগস্ট রাতে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।
২৭ আগস্ট রাত ৯:৩০ মিনিটে শুরু হয়ে রাত ১১:১৫ মিনিট পর্যন্ত চলা এই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আরিফুল হক। সভা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

সভায় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাকিল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ যুক্ত হয়ে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অ্যালামনাইদের কল্যাণে করণীয় বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সাধারণ সম্পাদক মোঃ শাকিল চৌধুরী আসন্ন ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামী ২ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং কৃতী অ্যালামনাইদের মেধাবী সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেন বলেন, “সবাইকে একসূত্রে গেঁথে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।”

উপ অর্থ-সম্পাদক মোঃ আমির হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের এমন দৃষ্টান্ত স্থাপন করে কাজ করতে হবে, যেন পরবর্তী কমিটিগুলো আমাদের কর্মপরিকল্পনা অনুসরণ ও অনুকরণ করতে পারে।”

কমিটির কার্যনির্বাহী সদস্য মাহাদী-উল-মোর্শেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের সাবেক শিক্ষার্থীদের আবেগ ও ঐক্যের প্রতীক। নতুন এই কমিটির মাধ্যমে আমাদের মূল লক্ষ্য থাকবে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সৌহার্দ্য সুদৃঢ় করা। একই সঙ্গে শিক্ষা, আধুনিক গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা।”

উল্লেখ্য, নবগঠিত ৮১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে মো. আরিফুল হক, সিনিয়র সহসভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাকিল চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শরিফুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

অনলাইনের এই প্রথম সফল পরিচিতি সভা ও নতুন গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবগঠিত নেতৃত্বের অধীনে সংগঠনের বন্ধন ও কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার