সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। নীতিমালায় কোন শ্রেণিতে ভর্তিতে বয়স কত হতে হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।
বয়সসীমা কোন শ্রেণিতে কত বছর
নীতিমালার ধারা-২ এ বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬ বছর প্লাস (৬ বছরের বেশি) ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষ, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে।
অন্যান্য সব শ্রেণিতে ভর্তির জন্য এ অনুসারে বয়স গণনা করতে হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
নীতিমালার তথ্যমতে, দ্বিতীয় শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ৬ বছর এবং সর্বোচ্চ ৮ বছর; তৃতীয় শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ৭ বছর এবং সর্বোচ্চ ৯ বছর; চতুর্থ শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ৮ বছর এবং সর্বোচ্চ ১০ বছর; পঞ্চম শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ৯ বছর এবং সর্বোচ্চ ১১ বছর।
একইভাবে ষষ্ঠ শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ১০ বছর এবং সর্বোচ্চ ১২ বছর; সপ্তম শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ১১ বছর এবং সর্বোচ্চ ১৩ বছর; অষ্টম শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ১২ বছর এবং সর্বোচ্চ ১৪ বছর এবং নবম শ্রেণিতে সর্বনিম্ন বয়স হবে ১৩ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর।
এদিকে, শিক্ষাবর্ষ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া প্রতি শ্রেণির একটি শাখায় শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা হবে ৫৫ জন।
মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণি অর্থাৎ, প্রথম শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে এ ভর্তি নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে।