• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সোমবার থেকে মিলবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। এরই মধ্যে ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

আজ রোববারও আবেদন করার সুযোগ থাকায় আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে। আবেদনকারীদের চূড়ান্ত সংখ্যা ও প্রয়োজনীয় অর্থের হিসাব নির্ধারণের পর আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আমানতকারীদের মধ্যে টাকা বিতরণ শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে কতজন টাকা উত্তোলন করতে চান এবং তাদের জন্য মোট কত অর্থের প্রয়োজন হবে—তা নির্ধারণের জন্য আবেদন নেওয়া হচ্ছে। এখনো চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। তবে প্রাথমিক হিসাবে আবেদনকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।

তিনি বলেন, প্রতিদিনের আবেদন ও প্রয়োজনীয় অর্থের হিসাব চূড়ান্ত হওয়ার পর মোট কত টাকা সংস্থান করতে হবে, তা স্পষ্ট হবে। সেই হিসাব অনুযায়ী সোমবার থেকেই অর্থের ব্যবস্থা করে আমানতকারীদের টাকা দেওয়া শুরু হবে।

ব্যাংকে অতিরিক্ত ভিড় না করার আহ্বান

টাকা উত্তোলনকে কেন্দ্র করে ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা এড়াতে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের তাৎক্ষণিকভাবে অর্থের প্রয়োজন নেই, তাদের প্রথম দিনেই ব্যাংকে না এসে পরবর্তী সময়ে টাকা উত্তোলনের অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, সবাই একই সময়ে টাকা তুলতে গেলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই পর্যায়ক্রমে টাকা উত্তোলনের জন্য আমানতকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।

আবেদন করেও টাকা নাও তুলতে পারেন

আবেদন করলেই সবাই শেষ পর্যন্ত টাকা তুলবেন—এমনটি নয় বলে জানিয়েছেন আরিফ হোসেন খান। টাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু মুনাফা ছাড় দেওয়ার বিষয় থাকায় আবেদনকারীদের কেউ কেউ পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

এ কারণে যারা বাস্তবে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে উপস্থিত হবেন, তাদের হিসাব অনুযায়ী অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে।

আমানতকারীদের পাশে থাকবে বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব সক্ষমতায় সীমাবদ্ধতা থাকলেও আমানতকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

তিনি বলেন, আমানতকারীদের দাবি পূরণ ও দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্বশীলভাবে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দিয়ে আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া সচল রাখা হবে।

এদিকে ব্যাংকগুলো ঋণ বিতরণের জন্য প্রস্তুত থাকলেও ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় লজিস্টিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন তিনি। বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগ ও বন্দরসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা না থাকলে অর্থায়ন পেলেও বিনিয়োগ বাস্তবায়নে বিলম্ব হতে পারে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০