• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক ঋণের বিপরীতে দেওয়া জামানত বা বন্ধকী সম্পত্তির মূল্যায়নের জন্য ১৩১টি যোগ্য প্রতিষ্ঠান ও কোম্পানির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তফসিলি ব্যাংকগুলোকে ঋণগ্রহীতাদের জামানত মূল্যায়নের কাজ এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ অনুযায়ী যাচাই-বাছাই করে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপে এবং বাকি ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের নেওয়া বা নেওয়ার জন্য বিবেচনাধীন ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্য নির্ধারণের কাজ এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে পারবে। একই সঙ্গে জামানত মূল্যায়ন নিয়ে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

তবে তালিকাভুক্তির শর্ত বা নীতিমালা যথাযথভাবে পালন না করলে তিন বছর পূর্ণ হওয়ার আগেই কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা থাকবে বাংলাদেশ ব্যাংকের।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর ১৫ জানুয়ারির মধ্যে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক । সার্কুলারটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০