ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬: দেশের ওষুধ শিল্পে কর্মরত পেশাদার মাইক্রোবায়োলজিস্টদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ফাউন্ডেশনের (বিপিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের ৩১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান আল-শাহরিয়ার শুভ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন কিউসি হেড মো. সাইদুল ইসলাম। তিনি সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজধানীর মিরপুর-১-এর ‘বিয়ন্ড বাফে’তে অনুষ্ঠিত বার্ষিক নির্বাহী কমিটির সভায় নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনটি গত ২২ জুলাই সরকারি নিবন্ধন লাভ করে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়।
সারাদেশে কর্মরত পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ইলেকট্রনিক ভোটিংয়ের পাশাপাশি ১১ সেপ্টেম্বর সরাসরি ভোট গ্রহণ করা হয়। যৌথভাবে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রির প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক হেড অব কোয়ালিটি অপারেশন্স আছিয়া আক্তার খানম।
নবনির্বাচিত সভাপতি আল-শাহরিয়ার শুভ বলেন, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। দেশের ওষুধ শিল্পে বিশ্বমানের মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড বজায় রাখা, বৈজ্ঞানিক গবেষণা, পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
তিনি বলেন, ওষুধের গুণগত মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে দক্ষ ও বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজিস্টদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। প্রতিটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজির জন্য পৃথক বিভাগ এবং ওই বিভাগের নেতৃত্বে যোগ্য পেশাদার মাইক্রোবায়োলজিস্ট থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝি ও প্রতিকূলতা আলোচনার মাধ্যমে সমাধান করে বিপিএমএফকে পেশাজীবীদের উন্নয়ন ও জনকল্যাণের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
নতুন কমিটির উল্লেখযোগ্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. আবু শাহীন পারভেজ, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, আরিফুর রহমান ও মো. হাসিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মোস্তফা ও তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মাশিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিক চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী খায়রুল বাশার, যুগ্ম কোষাধ্যক্ষ মো. হাফিজার রহমান এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ তারেকহাসান।
এ ছাড়া কমিটিতে প্রকাশনা ও যোগাযোগ, আইটি ও ডিজিটাল যোগাযোগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বৈজ্ঞানিক বিষয়ক, কল্যাণ, নারী ও শিশু কল্যাণ, ক্রীড়া ও অনুষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যরা দায়িত্ব পেয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডক্টর সামিউল হাসান ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা আছিয়া আক্তার খানম নতুন কমিটিকে দিকনির্দেশনা ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির নেতারা ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি পেশার উন্নয়ন, গবেষণার প্রসার এবং পেশাজীবীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।