ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে ও ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদা-আলাদাভাবে নির্বাচন করবে। সেজন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দুই প্রার্থীও ঠিক করা হয়েছে। উত্তরে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও দক্ষিণ সিটিতে নির্বাচন করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম।”
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গে পরওয়ার বলেন, “যারা প্রথাগত রাজনীতি করে, এই ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরনের আচরণ করতে পারে।”
মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,“জামায়াত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে চলে এসেছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।”
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এ দুই সিটির নির্বাচন সামনে রেখে প্রার্থী নির্ধারণের কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। রবিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনীত করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।