হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আমামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়, তবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।
ব্যাংক খোলা রাখার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, লেনদেনের সময় অতিক্রম করলেও উপস্থিত জমাদানকারীদের টাকা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের প্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।