• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

মিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত নিট সম্পদ মূল্য (এনএভি) এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০৫ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচুয়াল ফান্ড একটি সুসংগঠিত ও নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম। এতে বিনিয়োগকারীদের অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়। মিউচুয়াল ফান্ড সাধারণত ট্রাস্ট কাঠামোর মাধ্যমে গঠিত হয়। ট্রাস্টের পক্ষ থেকে ইউনিট ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করা হয়। পরে নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংগৃহীত অর্থ বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও সম্পদে বিনিয়োগ করা হয়।

এতে আরও বলা হয়, মিউচুয়াল ফান্ডের সম্পদ মূলত বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা হয়, যা তাৎক্ষণিকভাবে নগদায়ন করা সম্ভব। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। এরপর ফান্ডের দায়-দেনা বাদ দেওয়ার পর যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি)।

ফান্ডের মোট নিট সম্পদমূল্যকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি ইউনিটের বিপরীতে নিট সম্পদমূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত বিধিবিধান অনুযায়ী অ্যাসেট ম্যানেজার মিউচুয়াল ফান্ডের এনএভি ও সংশ্লিষ্ট তথ্য নিয়মিত প্রকাশ করে থাকে।

বিএসইসি বলছে, সম্প্রতি কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদমূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। একটি মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও এর অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক ব্যবধান বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতার বিষয়।
কমিশনের মতে, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন করা হলে ইউনিটহোল্ডারদের ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় বেশি অর্থ পাওয়ার সুযোগ নেই।

বিএসইসি বলছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করার জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএসইসি। শুধু কোনো ইউনিটের বাজারমূল্য বেড়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।

একই সঙ্গে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ না করার জন্যও বিনিয়োগকারীদের সতর্ক করেছে বিএসইসি।
কমিশন আরও বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য তথা আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য বিবেচনা করে জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১