• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

হৃদরোগ পুনর্বাসনে সাশ্রয়ী মডেল চালুর উদ্যোগ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দেশে হৃদরোগীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই পুনর্বাসনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাক্রস-বিডি’ (ACROSS-BD) প্রকল্পের স্টেকহোল্ডার সভা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ। সরকার আন্তর্জাতিক মানের, সাশ্রয়ী ও স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সহায়তা দেবে।

তিনি আরও বলেন, গবেষণার ফলাফল শুধু গবেষণাগার বা জার্নালে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ইমরান বি. চৌধুরী।

তারা হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী ও বাসাভিত্তিক পুনর্বাসনসেবা চালুর ওপর গুরুত্ব দেন। এ মডেলে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান, অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তারা হৃদরোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর পুনর্বাসনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ

ACROSS-BD যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের (NIHR) অর্থায়নে পরিচালিত পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। প্রকল্পটির নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্যের গ্লাসগো ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বিইউএইচএস।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার হিসেবে সহযোগিতা করছে।

আয়োজকেরা জানান, এ সভার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০