• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আবেদন যেভাবে

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পুঁজি না থাকলেও তরুণদের জন্য রয়েছে ঋণ সহায়তার সুযোগ। নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি বিদ্যমান উদ্যোগও সম্প্রসারণ করা যাবে। তবে বিনা জামানতে ঋণ পাওয়ার সুযোগ থাকলেও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বয়সসীমা একটি বড় শর্ত। নির্ধারিত কর্মসূচির আওতায় ঋণ ও অনুদান পেতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

ফলে ব্যবসা শুরুর আগ্রহ ও সক্ষমতা থাকা সত্ত্বেও বয়সের শর্ত পূরণ করতে না পারায় অনেকেই এ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পাশাপাশি ঋণ পেতে হলে নির্ধারিত যোগ্যতা পূরণের পাশাপাশি জমা দিতে হবে বাস্তবসম্মত ও তথ্যনির্ভর ব্যবসায়িক পরিকল্পনা।

কীভাবে এ ঋণের জন্য আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, তা জেনে নেওয়া যাক।
তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: ব্যাংকের সঙ্গে যোগাযোগ

প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচি সম্পর্কে জানতে হবে। সেখান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

দ্বিতীয় ধাপ: ঋণের শর্ত জেনে নেওয়া

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণ পাওয়ার যোগ্যতা, সুদের হার, পরিশোধের সময়সীমা, আবেদনপ্রক্রিয়া এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

তৃতীয় ধাপ: আবেদন ফরম পূরণ

ব্যাংক থেকে সংগ্রহ করা নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে ফরম সংগ্রহের সুযোগ থাকলে ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেও তা নেওয়া যেতে পারে।

চতুর্থ ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র জমা

আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা সংযুক্ত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে।

যেসব কাগজপত্র প্রয়োজন

ঋণের আবেদন করার সময় সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো হলো—

1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি।

2. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)।

3. শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত অনুলিপি।

4. পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।

5. ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

ঋণের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজনেস প্ল্যানে প্রস্তাবিত ব্যবসার প্রতিটি দিক পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

এ ক্ষেত্রে উল্লেখ করতে হবে—

– কী ধরনের ব্যবসা শুরু করতে চান এবং প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত।

– পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে বাজারজাত করা হবে।

– ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব।

– ঋণের অর্থ কোন কোন খাতে ব্যবহার করা হবে।

– ব্যবসা থেকে অর্জিত আয় দিয়ে কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন।

– প্রস্তাবিত উদ্যোগের মাধ্যমে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে বা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ঋণের আবেদন গ্রহণযোগ্য করতে ব্যবসায়িক পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যনির্ভর। শুধু কত টাকা ঋণ প্রয়োজন, তা উল্লেখ করলেই হবে না। ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, ব্যবসা থেকে সম্ভাব্য আয় কত হতে পারে এবং সেই আয় দিয়ে কীভাবে কিস্তি পরিশোধ করা সম্ভব, তার বিস্তারিত হিসাব দিতে হবে।

একই সঙ্গে প্রস্তাবিত ব্যবসার বাজার সম্ভাবনা, পণ্য বা সেবার চাহিদা এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তুলে ধরতে হবে। ব্যবসাটি কতটা লাভজনক হতে পারে, সে বিষয়ে ব্যাংককে স্পষ্ট ধারণা দিতে পারলে আবেদন বিবেচনায় তা সহায়ক হতে পারে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করবে। এ সময় আবেদনকারীর বয়স, নির্ধারিত যোগ্যতা, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রকল্পের সম্ভাব্যতা পর্যালোচনা করা হবে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালাও বিবেচনায় নেওয়া হবে।

সবকিছু যাচাইয়ের পর ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক। তবে আবেদন করলেই ঋণ পাওয়া নিশ্চিত নয়।

ঋণের পরিমাণ, সুদের হার, জামানতের শর্ত, বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা এবং সংশ্লিষ্ট ব্যাংকের নীতিমালার ওপর নির্ভর করবে।

তাই আবেদন করার আগে নিকটস্থ ব্যাংক শাখা থেকে কর্মসূচির সর্বশেষ নিয়মকানুন জেনে নেওয়া জরুরি। বিশেষ করে সর্বোচ্চ ২৮ বছর বয়সের শর্ত এবং বিনা জামানতে ঋণ পাওয়ার যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে আবেদন করলে অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয় এড়ানো সম্ভব।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০