• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকটির বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ প্রক্রিয়ার আওতায় ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার মুখে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। পরে পুনরুজ্জীবনের উদ্যোগ হিসেবে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যান হন। তবে তার দায়িত্ব পালনকালেও সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা সত্ত্বেও খেলাপি ঋণ ও গ্রাহকদের আস্থাহীনতায় ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হয়নি।

বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক। ব্যাংকটির মোট ঋণের ৯২ শতাংশ খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকে নাজুক অবস্থায় থাকা ব্যাংকটির স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও কম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০