যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় চাল দেশে আসছে। সর্বশেষ চালানে ভারত থেকে আরও ৪২০ মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। এ নিয়ে গত তিন দিনে মোট ২৭টি ট্রাকের মাধ্যমে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বৃহস্পতিবার প্রথম চালানে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রোববার ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার সন্ধ্যায় তৃতীয় চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল এসেছে।
সরকার বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে মোটা চাল আমদানির অনুমতি দিয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। এতে চালের দাম কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
গনি এন্টারপ্রাইজের মালিক আব্দুস সামাদ জানান, তারা তিনটি চালানে ৯৪৫ মেট্রিক টন চাল এনেছেন, যার সিঅ্যান্ডএফ কার্যক্রম পরিচালনা করছে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ।
সিঅ্যান্ডএফ এজেন্ট বাবলুর রহমান জানান, বুধবার যেসব চাল এসেছে, সেগুলোর ছাড়করণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার খালাস সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস পর গত সপ্তাহ থেকে পুনরায় এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সর্বশেষ এ বছর ১৫ এপ্রিল চাল আমদানি হয়েছিল।
বেনাপোল বন্দরের পরিচালক জানান, দ্রুত ছাড়করণ নিশ্চিত করতে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।