নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে আয়োজনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে করা রিট আবেদনের জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
রিটকারীদের পক্ষে আইনজীবী নুরুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই ইসি লিখিত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে। অন্যত্থ্যায় আমরা আইনি ব্যবস্থা নেবো।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২০শে মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) পদে ৪৬৮ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৮শে মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ১৯ হাজার ৫৬২ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও লিখিত পরীক্ষা আয়োজন করা হয়নি। এ অবস্থায় উত্তীর্ণ প্রার্থী শহীদুল ইসলামসহ ৬৬ জন হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১০ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এরপরও নির্বাচন কমিশন সচিবালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়। সাম্প্রতিক শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী আদালতকে জানান, আগামী ১০ জুলাই লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম মুকুল আদালতে বলেন, এর আগে চারবার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে নতুন তারিখ ঘোষণার ক্ষেত্রেও অনিশ্চয়তা রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দেন।