রাজধানীর পল্টনের বিজয়নগরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব ২০২৬’। ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে শিশুদের হাতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাচীর ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন হোমস লিমিটেডের চেয়ারম্যান মাওলানা মো. আবু জাফর সালেহ এবং ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল আহসান হাসান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানরা এভাবে এগিয়ে এলে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পথশিশুদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।