দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ সভায় কমিশনারবৃন্দ, বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর বিভিন্ন দিক, আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, আবেদন প্রক্রিয়া, নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়বদ্ধতা এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং ও রাইট ইস্যু-সংক্রান্ত বিষয়েও মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বিএসইসি জানায়, অংশীজনদের দেওয়া মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি সহায়তা ও আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে আইপিও প্রক্রিয়া আরও কার্যকর, বিনিয়োগকারীবান্ধব এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইসিএবি, ডিএসই, সিএসই, ডিবিএ, বিএমবিএ, বিএপিএলসি, এফআরসি, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরাও সভায় অংশ নেন।