• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এক নির্দেশনার মাধ্যমে এ সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ শর্ত পূরণের সুযোগ পাবে।

বিএসইসি জানায়, এই সময় বৃদ্ধি করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক)-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিচালনা পর্ষদে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক অন্তর্ভুক্ত করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সিংহভাগ কোম্পানি এ শর্ত পূরণ করতে পারেনি।

বিএসইসি জানায়, বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট অংশীজনরা নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য নারী প্রার্থী খুঁজে পাওয়ার ক্ষেত্রে জটিলতার বিষয়টি কমিশনের কাছে তুলে ধরেন। পাশাপাশি বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো বজায় রেখে নতুন পরিচালক যুক্ত করাও অনেক প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোম্পানিগুলোকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে নির্দেশ দিয়েছে, যাতে তারা দ্রুত এ সিদ্ধান্ত সব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়। এর ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বাড়তি সময়ের মধ্যে করপোরেট গভর্ন্যান্স কোডের শর্ত পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১