আজ ১৩ আগস্ট ২০২৬, বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (ICCB), ঢাকার হল নং–২-এ শুরু হলো ৪ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প মেলা ‘Yarn, Fabrics & Accessories–2026’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি জনাব মো. হাতেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ। বিপিএএমইএ-এর মেলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব হাসানুল করিম তমিজ-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৩–১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এখানে সুতা, ফেব্রিক্স, গার্মেন্টস এক্সেসরিজ, টেক্সটাইল কেমিক্যালসহ বিভিন্ন শিল্পপণ্যের আধুনিক প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হচ্ছে।
এই ধরনের আন্তর্জাতিক মেলা বাংলাদেশের শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশের ক্রেতা, প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও শিল্প উদ্যোক্তারা সরাসরি আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।
আমার বক্তব্যে আমি এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব টিপু সুলতান ভূঁইয়াকে এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক মেলা আয়োজনের আহ্বান জানাই।
একই সঙ্গে দেশের শিল্পখাতের বর্তমান জ্বালানি সংকট—বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি—দ্রুত সমাধানে সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানাই। শিল্পকে টিকিয়ে রাখা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত জরুরি।
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও আমাদের আরও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজীকরণ, ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করা এবং প্রয়োজনীয় প্রণোদনা নিশ্চিত করা সময়ের দাবি।