মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর”} শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন রূপে বনানী ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান ছাড়াও কমিটির সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।
ঢাকার বনানীর নিলুফার হাইটস, বি-৫২ (১ম তলা), কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত শাখাটি এখন থেকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করবে। এর আওতায় আমানত, বিনিয়োগসহ আধুনিক ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে, তাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের সব কার্যক্রমে শরিয়াহ নীতিমালা অনুসরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালা ও নির্দেশনাও যথাযথভাবে মেনে চলা হয়।
মিডল্যান্ড ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন।
পূর্ণাঙ্গ বনানী ইসলামী ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে বনানী ও আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।