• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

পারুয়ারায় খেলার মাঠ, বিনোদন পার্ক ও বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামে খেলার মাঠ, বিনোদন পার্ক ও বিনামূল্যে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন। গ্রামবাসীর জীবনমান উন্নয়ন, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত পারুয়ারা গ্রাম শিক্ষা, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে পরিচিত একটি জনপদ। গ্রামটিতে রয়েছে নয়টি পাকা মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি এবতেদায়ি মাদ্রাসা, চারটি এতিমখানা, একটি দাখিল মাদ্রাসা এবং একটি বিশ্ববিদ্যালয় ও কলেজ।

শিল্প খাতেও পারুয়ারার উল্লেখযোগ্য অবদান রয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, গ্রামটিতে প্রায় ৩০টি অটো রাইস মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার মণ চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এ শিল্পের সঙ্গে যুক্ত হয়ে কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের। এ ছাড়া গ্রামটিতে রয়েছেন বহু চিকিৎসক, প্রকৌশলী, শিল্পপতি ও সফল ব্যবসায়ী।

তবে নানা ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গ্রামটিতে এখনো নির্ধারিত খেলার মাঠ, বিনোদন পার্ক কিংবা আধুনিক চিকিৎসাসেবাকেন্দ্র নেই। ফলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সীমিত। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে অনেককে দূরে যেতে হয়।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন গ্রামে একটি খেলার মাঠ ও বিনোদন পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের একটি প্রধান কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী, প্রধান কার্যালয়ে প্রতি মাসে অন্তত দুই শুক্রবার পাঁচজন চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া এ উদ্যোগ বাস্তবায়নে গ্রামে বসবাসকারী ও দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ব্যক্তি, প্রবাসী, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পারুয়ারাকে একটি সুস্থ, সুন্দর, মানবিক ও বাসযোগ্য গ্রাম হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার