বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়নে লেনদেন সংক্রান্ত পরামর্শক সেবা (ট্রানজ্যাকশন অ্যাডভাইজরি সার্ভিস) দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর ফলে সংস্থাটির সহায়তায় বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির চলমান পরামর্শক সহায়তার ধারাবাহিকতায় নতুন এই সম্প্রসারণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিন ধাপের একটি সমন্বিত কর্মসূচির আওতায় মোট ছয়টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।
এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানিয়েছেন, বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই এবং বিনিয়োগবান্ধব জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। পরামর্শক সেবার এই সম্প্রসারণ, কেবল বিচ্ছিন্ন কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের একটি বৃহৎ ও সম্প্রসারণ যোগ্য বাজার তৈরির যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের পরবর্তী ধাপের উন্নয়নে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে সহায়তা করবে এডিবি।
এডিবির এই পরামর্শক সেবা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাত থেকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে। একইসঙ্গে এটি সরকারের ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মসূচির প্রথম ধাপে ফেনী জেলার সোনাগাজীতে ২৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ ১৩০ মেগাওয়াটের সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হতে পারে। চুক্তির অধীনে প্রথম প্রকল্প হিসেবে এটি দ্বিতীয় ও তৃতীয় ধাপের বাকি পাঁচটি প্রকল্পের কাঠামো তৈরি এবং ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটি মানদণ্ড হিসেবে কাজ করবে।
সম্প্রসারিত এই চুক্তির আওতায় এডিবি নতুন পাঁচটি প্রকল্পের জন্য সরকারি জমির উপযুক্ততা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা করবে। প্রকল্পের প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক বিডিং ও কাজ দেওয়ার প্রক্রিয়াসহ পুরো উন্নয়ন চক্রেই এডিবির পরামর্শক সহায়তা অব্যাহত থাকবে।
ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ, বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ত্বরান্বিত করতে চায়। এই প্রকল্পগুলো গড়ে তোলার ক্ষেত্রে এডিবির সঙ্গে অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের পরিচ্ছন্ন জ্বালানি সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।