• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে নতুন এমডি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

কাখাবের বেনিদজের শিল্প খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে ১৫ বছরের বেশি সময় তিনি পরিচালনা পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি বিএটিতে যোগ দেন। এরপর বিপণন, সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) ও সাধারণ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক রূপান্তর এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততায় সাফল্যের স্বাক্ষর রাখেন।

কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক বাজারে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি, পণ্য পোর্টফোলিও উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

২০২৬ সালের ১ মে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যোগ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তিনি বিএটি বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ধাপে নেতৃত্ব দেবেন

এবং দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান আরও জোরদারে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

কাখাবের বেনিদজে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্ব নিয়ে কাখাবের বেনিদজে বলেন, ‘বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা এবং ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। আমাদের দক্ষ সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে, ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের প্রবৃদ্ধির ধারায় অর্থবহ অবদান রাখতে আমি আগ্রহী।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাখাবের বেনিদজের নেতৃত্বের দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিএটি বাংলাদেশের ব্যবসায়িক কার্যসম্পাদন, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১