• শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

উহুদের ক্ষত থেকে বিজয়ের প্রস্তুতি

লেখক: আবু নাঈম মু শহীদুল্লাহ, ইউরোপ।
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রিয়জনদের শাহাদাতের বেদনা, রক্তাক্ত স্মৃতি আর সাময়িক পরাজয়ের ভারে উহুদের পর মদিনার আকাশ যেন শোকের কালো মেঘে ঢেকে গিয়েছিল। ঘরে ঘরে কান্নার শব্দ, শহীদদের জন্য মাতম, আহতদের দীর্ঘশ্বাস—সব মিলিয়ে এক বিষণ্ন পরিবেশ। কিন্তু এ জাতি ভেঙে পড়েনি। কারণ তাদের হৃদয়ের কেন্দ্রে ছিলেন এমন এক মহান নেতা, যিনি পরাজয়ের ধ্বংসস্তূপের মাঝেও আশার প্রদীপ জ্বালাতে জানতেন।
উহুদ মুসলমানদের শিখিয়ে দিয়েছিল—শুধু আবেগ দিয়ে বিজয় আসে না; বিজয়ের জন্য প্রয়োজন শৃঙ্খলা, আনুগত্য, ধৈর্য ও আত্মত্যাগ। কিছু ভুলের কারণে সাময়িক বিপর্যয় নেমে এলেও রাসুলুল্লাহ সাঃ কাউকে অপমান করেননি, কাউকে সমাজচ্যুত করেননি, কারও ব্যর্থতাকে ঘৃণার চোখে দেখেননি। বরং তিনি ভাঙা হৃদয়গুলোকে জোড়া লাগিয়েছিলেন মমতা দিয়ে, ক্ষমা দিয়ে, ভালোবাসা দিয়ে।
আল্লাহ তাআলা যেন তাঁর এই মহান চরিত্রের কথাই ঘোষণা করেছেন—
“আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। যদি আপনি কঠোর ও কঠিন হৃদয়ের হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে যেত।” — সূরা আলে ইমরান : ১৫৯
উহুদের ময়দানে তাঁর নিজের শরীর রক্তাক্ত হয়েছিল। মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়েছিল, দাঁত শহীদ হয়েছিল, তবুও তাঁর জিহ্বা থেকে অভিশাপ বের হয়নি। তিনি প্রতিশোধের ভাষা বলেননি। বরং আকাশের দিকে হাত তুলে বলেছিলেন—
“হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করুন, তারা জানে না।”
কী অপার দয়া! কী অসীম উদারতা! সাহাবিদের হৃদয় এ দৃশ্য দেখে গলে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন—এ নেতা কেবল রাষ্ট্রপ্রধান নন; তিনি একজন স্নেহময় পিতা, একজন দয়ালু অভিভাবক, যিনি নিজের কষ্ট ভুলে উম্মতের জন্য কাঁদেন। এই ভালোবাসাই মুসলমানদের মাঝে এমন এক ভ্রাতৃত্ব সৃষ্টি করল, যা ছিল সীসাঢালা প্রাচীরের মতো অটুট ও অদম্য।
অন্যদিকে কুরাইশরাও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি। তারা বুঝতে পারছিল না—এত বড় আঘাতের পরও মুসলমানরা কেন ভেঙে পড়ছে না। তাদের মনে আশঙ্কা জন্মাল, হয়তো মদিনায় ফিরে গিয়ে আবার আক্রমণ করলে মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হবে। ঠিক তখনই রাসুলুল্লাহ সাঃ তাঁর অসাধারণ দূরদর্শিতার পরিচয় দিলেন। যুদ্ধের পরদিনই তিনি ঘোষণা করলেন—শুধু উহুদে অংশগ্রহণকারী সাহাবিরাই শত্রুর পিছু নেবেন।
সাহাবিদের শরীর তখন ক্ষতবিক্ষত। কারও হাতে ব্যান্ডেজ, কারও শরীরে তলোয়ারের গভীর ক্ষত, কারও শরীর থেকে তখনো রক্ত ঝরছে। কিন্তু যখন তারা শুনলেন আল্লাহ ও তাঁর রাসুল ডাকছেন, তখন কোনো অজুহাত তাদের থামাতে পারেনি। তারা বললেন—“আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে আমরা হাজির।”
এই ঈমানী শক্তিই ছিল তাদের প্রকৃত অস্ত্র।
মুসলমানরা হামরাউল আসাদ পর্যন্ত অগ্রসর হলেন। যখন কুরাইশরা খবর পেল যে আহত মুসলমানরাই আবার যুদ্ধের জন্য বেরিয়ে এসেছে, তখন তাদের হৃদয়ে ভয় ঢুকে গেল। তারা বুঝতে পারল—এ জাতিকে কেবল তলোয়ার দিয়ে দমন করা যাবে না। ফলে তারা দ্রুত মক্কার পথ ধরল।
এই ঘটনা মুসলমানদের ভাঙা মনোবলকে আবার জাগিয়ে তুলল। তারা উপলব্ধি করল—শরীর আহত হতে পারে, কিন্তু ঈমান আহত হয় না। রক্ত ঝরতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা ভেঙে পড়ে না। একজন মুমিনের শক্তি তার অস্ত্রে নয়, তার অন্তরের বিশ্বাসে।
তবে বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিল ভেতরের মুনাফিক চক্র। আবদুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা সুযোগ খুঁজছিল মুসলমানদের দুর্বল প্রমাণ করার। তারা কটাক্ষ করে বলত—“আমাদের কথা শুনলে এ বিপদ হতো না।”
কিন্তু রাসুলুল্লাহ সাঃ ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি সামাল দিলেন। তিনি জানতেন, কোনো জাতি বাইরের আঘাতে যতটা না ধ্বংস হয়, তার চেয়েও বেশি ধ্বংস হয় অভ্যন্তরীণ বিভাজনে। তাই তিনি প্রতিশোধের আগুন জ্বালাননি; বরং সাহাবিদের হৃদয়ে তাকওয়া, ধৈর্য ও ঐক্যের বীজ বপন করেছিলেন। তাঁর এই প্রজ্ঞার কাছে ধীরে ধীরে মুনাফিকদের ষড়যন্ত্র দুর্বল হয়ে পড়তে লাগল।
এদিকে চুক্তিবদ্ধ ইয়াহুদী গোত্রগুলোও মুসলমানদের দুর্বল ভেবে ষড়যন্ত্রে নেমে পড়ল। বিশেষ করে বনু নযীর গোত্র গোপনে পরিকল্পনা করল রাসুলুল্লাহ সাঃ কে হত্যা করার। তারা সিদ্ধান্ত নিয়েছিল, তিনি যখন তাদের এলাকায় বসবেন তখন একটি ঘরের ছাদ থেকে বিশাল পাথর ফেলে তাঁকে শহীদ করে দেবে। কিন্তু যাঁর রক্ষক স্বয়ং আল্লাহ, তাঁকে মানুষের ষড়যন্ত্র স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাঁর প্রিয় নবীকে সব জানিয়ে দিলেন।
রাসুলুল্লাহ সাঃ ক্রোধে অন্ধ হননি। তিনি ধৈর্যের সঙ্গে তাদের চুক্তিভঙ্গের কথা স্মরণ করিয়ে দিলেন। কিন্তু যখন তারা বিশ্বাসঘাতকতায় অটল রইল, তখন শেষ পর্যন্ত বনু নযীরকে মদিনা ত্যাগ করতে হলো।
এই ঘটনাগুলো মুসলমানদের আরও সতর্ক, আরও সচেতন ও আরও ঐক্যবদ্ধ করে তুলল। তারা বুঝতে পারলেন—শত্রু সবসময় খোলা তরবারি নিয়ে সামনে আসে না; কখনো বন্ধুর হাসি নিয়েও আসে, কখনো চুক্তির আড়ালেও আসে, কখনো মিষ্টি কথার মধ্যেও লুকিয়ে রাখে বিশ্বাসঘাতকতার বিষ।
দূরদর্শী নেতৃত্বে মুসলমানরা সচেতন, ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী হয়ে উঠেন। রাসুল সাঃ মদিনাকে শুধু একটি শহর হিসেবে গড়ে তুলেননি, বরং তা ছিল ঈমান, শৃঙ্খলা ও আত্মত্যাগের এক নিরাপদ দুর্গ।
রাসুলুল্লাহ সাঃ সাহাবিদের যুদ্ধের প্রশিক্ষণ দিতেন। পাহারা ব্যবস্থা আরও সুসংগঠিত করেন। তরুণদের হৃদয়ে সাহস, ধৈর্য ও আনুগত্যের শিক্ষা দিতেন। হযরত সা‘দ (রা.), হযরত আলী (রা.), হযরত যুবাইর (রা.)-এর মতো সাহসী সাহাবিরা মুসলিম বাহিনীর শক্তি ও নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। তাঁরা জানতেন, ইসলামের জন্য জীবন দেওয়া কোনো ক্ষতি নয়; বরং সেটাই চিরস্থায়ী সফলতা।
একই সঙ্গে রাসুলুল্লাহ সাঃ ছিলেন অসাধারণ দূরদর্শী। শত্রুদের গতিবিধি সম্পর্কে তিনি সদা সতর্ক থাকতেন। আরবের বিভিন্ন গোত্রের অবস্থান, কুরাইশদের পরিকল্পনা এবং মদিনার নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতেন। কারণ তিনি জানতেন, ঈমানের এই আলোকবর্তিকাকে নিভিয়ে দিতে ইসলামবিদ্বেষীরা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের আত্মিক প্রস্তুতি। কুরআনের আয়াত নাজিল হয়ে সাহাবিদের অন্তরকে নতুন শক্তিতে ভরিয়ে দিচ্ছিল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন—
“তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী।” — সূরা আলে ইমরান : ১৩৯
এই বাণী যেন আহত হৃদয়ে প্রশান্তির বৃষ্টি হয়ে নেমে এলো। সাহাবিরা অনুভব করলেন, পৃথিবীর সব শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়ালেও আল্লাহ তাদের সঙ্গে আছেন। তাই পরাজয়ের ক্ষত তাদের মনোবল ভাঙতে পারেনি; বরং তাদের ঈমানকে আরও দৃঢ় করে তুলেছিল।
রাসুলুল্লাহ সাঃ তাঁর চারিত্রিক মাধুর্য, ক্ষমা ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। তাঁর দয়া সাহাবিদের এমনভাবে বদলে দিয়েছিল যে তারা নিজেদের জীবনকেও ইসলামের জন্য তুচ্ছ মনে করতে শুরু করেন। একসময় যে আরবরা গোত্রে গোত্রে বিভক্ত ছিল, প্রতিশোধ আর অহংকারে অন্ধ ছিল, ইসলাম তাদেরকে এক হৃদয়, এক প্রাণে পরিণত করল।
হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.), হযরত উসমান (রা.) ও হযরত আলী (রা.)—সকলেই রাসুলুল্লাহ সাঃ -এর নেতৃত্বে এমন এক সমাজ গড়ে তুলেছিলেন, যেখানে ধনী-গরিব, আরব-অনারব, শক্তিশালী-দুর্বল সবাই একই কাতারে দাঁড়াত। সেখানে মর্যাদার একমাত্র মাপকাঠি ছিল তাকওয়া ও ঈমান।
অন্যদিকে কুরাইশরা বুঝতে পারছিল, মুসলমানদের শক্তি কেবল তরবারিতে নয়; তাদের প্রকৃত শক্তি তাদের ঈমান, ভালোবাসা ও ঐক্যে। তাই তারা নতুন নতুন ষড়যন্ত্র শুরু করে। আরবের বিভিন্ন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে উসকে দিতে থাকে। মক্কার নেতারা আতঙ্কিত কণ্ঠে বলত—
“মুহাম্মদ সাঃ-কে শেষ করতে না পারলে আরবের নেতৃত্ব আমাদের হাতে থাকবে না।
ইহুদি গোত্রের কিছু নেতা মক্কায় গিয়ে কুরাইশদের সঙ্গে জোট বাঁধে। তারা সম্মিলিতভাবে মুসলমানদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করতে থাকে। চারদিকে ষড়যন্ত্রের কালো মেঘ জমতে থাকে।
কিন্তু রাসুলুল্লাহ সাঃ মুসলমানদের এমন এক জাতিতে রূপান্তর করেছিল, যারা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল।
কেউ ক্ষুধার্ত থাকলে অন্যজন নিজের খাবার এগিয়ে দিত। কেউ আহত হলে অন্যজন নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচানোর চেষ্টা করত। তাদের সম্পর্ক ছিল না শুধু রক্তের; ছিল ঈমানের বন্ধন। সেই বন্ধন ছিল পৃথিবীর সব সম্পর্কের চেয়েও শক্তিশালী।
এই কারণেই আল্লাহ তাআলা মুসলমানদের সম্পর্কে ঘোষণা করেছেন—
“নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে, যারা তাঁর পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসাঢালা প্রাচীর।” — সূরা আস-সাফ :৪
মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কুরাইশ, গাতফান, বিভিন্ন আরব গোত্র এবং চক্রান্তকারী ইহুদিরা এক ভয়ংকর জোট গঠন করতে শুরু করল। তাদের অন্তরে ছিল প্রতিশোধের আগুন, চোখে ছিল মদিনাকে ধ্বংস করার স্বপ্ন। তারা চেয়েছিল এমন এক আঘাত হানতে, যার পর আর কখনো ইসলামের পতাকা মাথা তুলে দাঁড়াতে না পারে। মদিনার দিকে ধেয়ে আসছিল অশান্তির কালো মেঘ, আর চারদিকে ছড়িয়ে পড়ছিল যুদ্ধের অশনি সংকেত।
কিন্তু এ সেই মুসলমান সমাজ ছিল না, যারা একসময় অসতর্কতার কারণে উহুদের ময়দানে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। উহুদের প্রতিটি ক্ষত, প্রতিটি অশ্রু, প্রতিটি শহীদের রক্ত তাদের অন্তরকে বদলে দিয়েছিল। সেই বেদনা তাদের দুর্বল করেনি; বরং আরও জাগ্রত, আরও সতর্ক এবং আরও ঐক্যবদ্ধ করে তুলেছিল। তারা বুঝেছিল—আল্লাহর পথে বিজয় কেবল সংখ্যার ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে ঈমান, আনুগত্য ও ত্যাগের ওপর।
কুরআনের আয়াতগুলো তখন তাদের হৃদয়ে নতুন প্রাণ সঞ্চার করছিল। রাতের নির্জনতায় তারা যখন আল্লাহর সামনে দাঁড়াত, তখন তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত, কিন্তু সেই অশ্রুর ভেতর লুকিয়ে থাকত অদম্য সাহস। রাসুলুল্লাহ সাঃ তাদের হৃদয়ে এমন এক বিশ্বাস গড়ে তুলেছিলেন, যা পাহাড়ের মতো অটল। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আল্লাহর সাহায্যের সামনে তা তুচ্ছ—এই বিশ্বাস তাদের অন্তরে দীপশিখার মতো জ্বলছিল।
মদিনার বাতাসে তখন যুদ্ধের আগাম বার্তা ভেসে বেড়াচ্ছিল। প্রতিটি পরিবার বুঝতে পারছিল সামনে এক কঠিন সময় আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুসলমানদের অন্তরে ভয় জায়গা নিতে পারেনি। তাদের হৃদয়ে জ্বলছিল ঈমানের আলো, আর সেই আলো অন্ধকার ষড়যন্ত্রের চেয়েও উজ্জ্বল ছিল। তারা জানত, শত্রুর সংখ্যা বিশাল হতে পারে, তাদের অস্ত্র শক্তিশালী হতে পারে, তাদের পরিকল্পনা ভয়ংকর হতে পারে; কিন্তু আল্লাহর সাহায্য সবচেয়ে বড় শক্তি, আর যে জাতি আল্লাহর ওপর ভরসা করে, তাকে কখনো সম্পূর্ণ পরাজিত করা যায় না।

চলবে-

বই:সভ্যতার উত্থান পতন: রক্তে লেখা ইতিহাস (১৬ তম পর্বের অংশ )


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১