• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ইয়ুথ কানেক্ট সামিটে নিরাপদ প্রযুক্তির আহ্বান, সেরা ১৩ তরুণ উদ্যোগ নির্বাচিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’ এবং ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ–সিজন ১’-এর গালা ডে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে ১০ থেকে ১৯ বছর বয়সী তরুণদের মধ্য থেকে সেরা ১৩টি উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত ও পুরস্কৃত করা হয়েছে।

রাজধানীর ৭১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে টুইম্বল, ইয়ুথ হাব ফাউন্ডেশন মালয়েশিয়া, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন ও টিন্স সেভার বাংলাদেশ। অনুষ্ঠানে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল নিরাপত্তা, শিক্ষা, ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, দেশে প্রথমবারের মতো ১০ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নিয়ে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’ আয়োজন করা হয়। মে থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার মধ্য থেকে ক্যাটাগরিভিত্তিক সেরা ১৩টি উদ্যোগ নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন এসিআই পিএলসির অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইসিএস–এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, এসবিএলের ইমপ্যাক্ট অ্যান্ড ইকোসিস্টেম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. দেওয়ান আদনান এবং ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন।

এদিকে ‘টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ২০২৬’-এ মূল বক্তব্য দেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ ইয়াসির এবং ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউটের প্রভাষক ইসরাক মুজবিন পৃথিল।

সামিটের প্যানেল আলোচনায় শিশু-কিশোরদের জন্য প্রযুক্তিকে আরও নিরাপদ, সহজ ও দায়িত্বশীল করার বিষয়ে আলোচনা করেন প্রযুক্তি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, শিক্ষা ও ভবিষ্যৎ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’-এর মেন্টর প্যানেলে ছিলেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের লিড মেন্টর আবদুর রশিদ সোহাগ, কনফিডেন্স গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হুমায়ুন রশিদ, গ্রিনটেক সোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাজিব আশরাফুল ইসলাম এবং টেক্সোর্টের প্রধান নির্বাহী এস এম বেলাল উদ্দিন। মেন্টর প্যানেল সঞ্চালনা করেন টিন্স সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ।

জুরি প্যানেলে ছিলেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের প্রধান নির্বাহী মো. আলতামিস নাবিল, ফারহানাস ব্রেইনস্টেশনের প্রতিষ্ঠাতা খান ফারহানা, হ্যাপি ভেঞ্চারের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান এবং এসটিএসের হেড অব টেকনোলজি আরেফিন মিজান।

আয়োজকরা জানান, এ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের মেন্টর, বিচারক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যুক্ত করে একটি কার্যকর উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও ব্যবসায়িক দক্ষতা বিকাশে সহায়তা করা হবে।

পুরো আয়োজনটি টুইম্বলের প্রতিষ্ঠাতা শামীম আশরাফের পরিচালনায় এবং টিন্স সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরীর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ–সিজন ১’-এর টাইটেল স্পন্সর ছিল কিডলোন (KIDLON)। বিশেষ স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে মালয়েশিয়াভিত্তিক এমডি গ্লোবাল রিসোর্সেস।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং দায়িত্বশীল উদ্ভাবক, সমস্যা সমাধানকারী ও ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০